ঝিনাইদহ

ঝিনাইদহে এসআই মিরাজুল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি লিয়াকত শেখ গ্রেপ্তার

ঝিনাইদহের বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা এসআই মিরাজুল ইসলাম হত্যা মামলায় আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা আসামি মো. লিয়াকত শেখ ওরফে লিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-১০ ও র‍্যাব-৪ এর একটি যৌথ বিশেষ অভিযানে ঢাকা জেলার ধামরাই থানার চরডাউটিয়া এলাকা থেকে মঙ্গলবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার বিকালে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০১১ সালের ২৩ আগস্ট রাতে ঝিনাইদহ জেলা শহরের বাস মালিক সমিতি অফিসের সামনে একটি মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা পরে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিরাজুল ইসলামের বলে শনাক্ত হয়।

তবে ঘটনাস্থলে এসআই মিরাজুল উপস্থিত ছিলেন না, এমনকি তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এতে রহস্য আরও ঘনীভূত হয়।

পরদিন ২৪ আগস্ট সকালে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের পূর্ব পাশের একটি পানি ভর্তি ডোবা থেকে এসআই মিরাজুলের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি তখনও পুলিশের পোশাক পরিহিত ছিলেন। তদন্তে জানা যায়, সন্ত্রাসীরা তার কাছ থেকে অস্ত্র, গুলি, মোটরসাইকেল ও সরকারি মালামাল ছিনতাইয়ের উদ্দেশ্যে নির্মমভাবে হত্যা করেছিল।

পরে পুলিশ বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের করে।

দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৭ জুলাই ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত দণ্ডবিধির ৩৯৬ ধারায় লিয়াকত শেখ ওরফে লিয়াকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

অবশেষে র‍্যাবের তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে পলাতক অবস্থান শনাক্ত করে অবশেষে মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত লিয়াকতের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ ৬টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button