বোনের চাচাশ্বশুরকে পরকীয়ার ফাঁদে ফেলে ২১ লাখ টাকা আত্মসাৎ, অতঃপর..

নিজের বোনের চাচাশ্বশুরকে পরকীয়ার ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রহিমা আফরোজ রুহীর বিরুদ্ধে।
এ ঘটনায় গত ৯ জুন প্রতারণার শিকার মোস্তাফিজার রহমানের সহধর্মিণী শাহানারা পারভীন বগুড়ার আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন রহিমা আফরোজ রুহী (২৫), আলেয়া (৫৪), তারা মিয়া (৬৫) এবং মো. আলামিন (৩০)। এদের মধ্যে রহিমা আফরোজের বিরুদ্ধেই মূলত প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাত এবং হুমকির অভিযোগ।
অভিযোগে বলা হয়, প্রতারক চক্রের সহায়তায় অভিযুক্ত রহিমা আফরোজ রুহী বিভিন্ন সময়, বিভিন্ন তারিখে ব্যাংক হিসাব ও বিকাশের মাধ্যমে শাহানারার স্বামী মোস্তাফিজার রহমানের কাছ থেকে ২১ লাখ টাকা হাতিয়ে নেন। এ ঘটনা জানার পর শাহানারা পারভীন তার স্বামী এবং সাক্ষীদের নিয়ে রহিমা আফরোজের বাড়িতে গিয়ে বিষয়টি জানালে উল্টো তাদের মারার জন্য এগিয়ে আসেন। শাহানারা পারভীন চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে প্রতিপক্ষরা ঘটনাস্থল ত্যাগ করেন। পালিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা হত্যার হুমকি দেন।
এই হুমকির ফলে শাহানারা পারভীন এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ব্যাংক ও বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর প্রমাণ রয়েছে জানিয়ে অভিযোগকারী শাহানারা পারভীন জানান, বিষয়টি পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা আগ্রহ দেখায়নি। অভিযুক্ত রহিমা আফরোজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। সোনাতলা থানার অফিসার ইনচার্জ মো. সৈকত হাসান গণমাধ্যমকে বলেন, যে ধারায় মামলা হয়েছে, তা আমাদের কাছে আসবে না। আদালত নিজে তা দেখে থাকেন।