খেলাধুলা

বিশ্বকাপের ভিসা প্রক্রিয়ায় সৌম্য, নেই মাহমুদউল্লাহ

বিশ্বকাপের বাকি দেড়মাস। মাঝে এশিয়া কাপ থাকলেও বিশ্বকাপের জন্য এখন থেকেই নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে বাংলাদেশের ক্রিকেট দল। প্রস্তুতির অংশ হিসেবে এবার ভারত যাবার জন্য ভিসার আবেদন করেছে জাতীয় দলের ক্রিকেটাররা। খুব সাধারণ এই প্রক্রিয়াও অবশ্য এখন আলোচনার বিষয়। আর এর পেছনেও আছে বড় কারণ।

ভিসার প্রক্রিয়া এবার একটু বাড়তি বিশেষ নজর কাড়ল জাতীয় দলের রাডারে থাকা কয়েকজন ক্রিকেটারের কারণে। বিসিবির সূত্র জানিয়েছে, বিশ্বকাপের জন্য ২৫ জন ক্রিকেটারের ভিসা করিয়ে রাখছে তারা। এশিয়া কাপের দলে থাকা ১৭ জন তো আছেনই। সঙ্গে অপেক্ষমাণ তালিকায় আছেন আরও ৮ ক্রিকেটার। আর এই ৮ ক্রিকেটারের তালিকায় আছেন সৌম্য সরকারও। কিন্তু ২৫ জনের মধ্যে নেই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

সবার আগে সোমবার ভিসা প্রক্রিয়া করতে যান জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এরপর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসসহ তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, সৌম্য এবং বাকি ক্রিকেটাররা গেছেন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

জানা গিয়েছে, এদিন সবাই ভিসা করতে গেলেও পারিবারিক কারণে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ক্রিকেটারের মায়ের অসুস্থতাই তার না আসার কারণ বলে জানা গিয়েছে। অবশ্য তার বিকল্প হিসেবে ভাবতে থাকা শেখ মাহেদি কিংবা শামীম হোসেন পাটোয়ারী সেরেছেন ভিসা আবেদনের কাজ। সৌম্য ছাড়াও, এশিয়া কাপের স্কোয়াডে না থাকা ক্রিকেটারদের মধ্যে ভিসা আবেদন সম্পন্ন করেছেন খালেদ আহমেদ, রিশাদ হোসেন ও জাকির হাসান।

সোমবার রিশাদ, সৌম্য, জাকিরদের এমন উপস্থিতি থেকে ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের মূল স্কোয়াডে না থাকলেও পরিকল্পনার অংশ হিসেবে থাকছেন তারা। ব্যাকাপ ক্রিকেটার কিংবা ৮ জনের বিশেষ ক্যাম্পে থাকতে পারেন এসব ক্রিকেটার।

এদিন ভারতের ভিসার কাজে অনুপস্থিত ছিলেন আরও একজন। তিনি জাতীয় দলের ওপেনার এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অবশ্য বিসিবি সূত্রে জানা যায়, আগেই তামিমের ভিসা থাকায় তার আর আসার প্রয়োজন হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button