যমুনা নদীর একটি ড্রেজারে গণঅধিকার পরিষদ নেতার লাশ

সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলায় গণঅধিকার পরিষদের এক নেতার মরদেহ উদ্ধার করেছে চৌহালী থানা নৌ-পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে যমুনা নদীর জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকার একটি ড্রেজার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাপিজুল ইসলাম হাপিজ (৩১) এনায়েতপুর থানা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাপিজুল ইসলাম হাপিজসহ কয়েকজন মিলে জালালপুর, আড়কান্দি ও পাড়ামোহনপুরসহ আশপাশের এলাকায় বালির ব্যবসা করতেন। রোববার (২১ ডিসেম্বর) রাতে একটি ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিন অংশে সহযোগীদের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। সোমবার সকালে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে সহকর্মীরা বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান।
খবর পেয়ে এনায়েতপুর থানা পুলিশ ও চৌহালী নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, নিহতের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং প্রয়োজন হলে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।