খেলাধুলা

চেন্নাইয়ের সঙ্গে আলোচনা শুরু ধোনির, অপেক্ষায় ভক্তরা

Advertisements

ভারতীয় ক্রিকেট পাড়ায় কোটি টাকার প্রশ্ন মহেন্দ্র সিংহ ধোনি ২০২৫ আইপিএল খেলবেন কি না। ভারতের সাবেক অধিনায়ক নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে মুখ না খুললেও ইতোমধ্যে আলোচনা শুরু করেছেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের সঙ্গে।

হঠাৎ করে টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন ধোনি। জাতীয় দল থেকে আচমকা তার অবসর নেওয়ার ঘোষণা জোর ধাক্কা দিয়েছিল। কারণ তার আগমুহূর্ত পর্যন্তও ঘুণাক্ষরে কিছু টের পেতে দেননি তিনি। সর্বশেষ কয়েক আইপিএল ধরে ক্রিকেট থেকে অবসর নিয়ে গুঞ্জন চলছে।

চেন্নাইয়ের মাঠে খেলে আইপিএল থেকে অবসর নেবেন ধোনি, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু সর্বশেষ আইপিএলের প্লে-অফে উঠতে পারেনি চেন্নাই সুপার কিংস। ধোনিও নিজের অবসর নিয়ে কিছু খোলাসা করেননি।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এর আগে ২০২৩ আইপিএল শেষেও ধোনির অবসর নিয়ে জল্পনা বাড়ছিল। সেবার শিরোপা জেতার পর নিজেই জানিয়ে দিয়েছিলেন যে আইপিএলের ১৭ তম মৌসুমে খেলবেন তিনি। কিন্তু এবার তেমন কিছুই শোনা যায়নি তার মুখে। তাই কৌতূহল হয়েছে দ্বিগুণ। তাছাড়া পরের বছরের আইপিএলে ধোনির বয়স হবে ৪৩। আবার হাঁটুতেও রয়েছে চোট। ফলে তার খেলার সম্ভাবনা আরও ক্ষীণ। তবে চেন্নাই জানাচ্ছে, এখনই আশাহত হওয়ার কারণ নেই।

২০২৫ সালের আইপিএলের আগে হবে মেগা নিলাম। নতুন করে দল তৈরি করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগের দলের চার জনকে ধরে রাখতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। তাই ধোনির সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও তিন বছর খেলতে চাইলে সাবেক অধিনায়ককে ধরে রাখতে পারেন চেন্নাই কর্তৃপক্ষ।

Advertisements

এ ছাড়া অবসরের সিদ্ধান্ত নিলে তাকে হিসেবের বাইরে রেখেই নতুন দল তৈরি করতে পারবে চেন্নাই কর্তৃপক্ষ। আবার ধোনি আর এক বছর খেলে অবসর নিতে চাইলে সমস্যায় পড়বে দল। হয় তাকে ধরে রেখে একটি জায়গা নষ্ট করতে হবে। না হলে ছেড়ে দিয়ে নিলাম থেকে নতুন করে কিনতে হবে তাকে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর বৈঠকের আগে ধোনির সিদ্ধান্ত জেনে নিতে চাইছেন চেন্নাই কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যমের খবর, ধোনির সঙ্গে আলোচনা শুরু করেছেন তারা। কথা বলার দায়িত্ব নিয়েছেন খোদ ফ্র্যাঞ্চাইজি প্রধান এন শ্রীনিবাসন।

ফ্র্যাঞ্চাইজিগুলো কত জন ক্রিকেটারকে আগামী তিন বছরের জন্য ধরে রাখতে পারবে, তার ওপর অনেকটাই নির্ভর করছে ধোনির ক্রিকেট ভবিষ্যৎ। আগের মতোই চার জন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ থাকলে ধোনি হয়তো অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেবেন। পাঁচ বা ছ’জন ক্রিকেটারকে রেখে দেওয়ার সুযোগ থাকলে ধোনি সম্ভবত আরও এক বছর আইপিএল খেলবেন। ২০১৮ সালের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো পাঁচ জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছিল। ২০২১ সালের নিলামে এই সংখ্যা কমিয়ে দেয় বিসিসিআই।

চেন্নাই কর্তৃপক্ষ অবশ্য পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়কের ওপর কোনও সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান না। ধোনির সিদ্ধান্ত জানার পর আগামী বছরের দল নিয়ে পরিকল্পনা করবেন তারা। ধোনি খেলতে চাইলে তাকে ধরে রাখার সিদ্ধান্ত এক রকম নেওয়া হয়ে গেছে। সে ক্ষেত্রে তাকে তৃতীয় বা চতুর্থ ক্রিকেটার হিসেবে ধরে রাখা হবে। তালিকায় প্রথম দু’জনের মধ্যে থাকবেন না। শেষবার ধোনিকে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ধরে রেখেছিল চেন্নাই। এবার তৃতীয় বা চতুর্থ ক্রিকেটার হিসেবে ধরে রাখলে কম টাকায় খেলতে হবে ভারতের সাবেক অধিনায়ককে। এই বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন শ্রীনিবাসন।

চেন্নাই কর্তৃপক্ষ অপেক্ষা করছেন ধোনির সিদ্ধান্তের জন্য। নির্দিষ্ট সময়ের মধ্যে ধোনিকে নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করা হয়েছে। অন্য দলের হয়ে আইপিএল খেলে ধোনি অবসর নেবেন, তা হতে দিতে নারাজ শ্রীনিবাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন