কাবাডি খেলার সময় মারা গেলেন খেলোয়াড়

কুমিল্লার লালমাইয়ে কাবাডি খেলার সময় অসুস্থ হয়ে হেলাল উদ্দিন মজুমদার নামের এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয়রা এ কাবাডি খেলার আয়োজন করেছিলেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর আলিম মাদ্রাসাসংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে।
মৃত হেলাল উদ্দিন মজুমদার (৫৩) লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের কোঁয়ার গ্রামের প্রয়াত আবুল কাশেমের ছেলে। তিনি স্থানীয় কোঁয়ার বাজারে মুদি ব্যবসা করতেন। এলাকায় ভালো কাবাডি খেলোয়াড় হিসেবেও পরিচিত ছিলেন হেলাল।
পুলিশ এবং স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়ের সঙ্গে কাবাডি বোল দিতে গিয়ে হেলাল উদ্দিন অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে খেলার মাঠেই তার মৃত্যু হয়। ঘটনার ৫৪ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, রেফারির উপস্থিতিতে হেলাল উদ্দিন প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়ের সঙ্গে খেলা শুরু করেন। প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় প্রথমে তাকে জাপটে ধরে মাটিতে ফেলে দেন। এরপর হেলাল উদ্দিনকে এক পায়ে ধরে নিজ কোর্টে নিতে কিছুদূর টেনে নিয়ে যান। একপর্যায়ে হঠাৎ হেলাল উদ্দিন নীরব হয়ে নড়াচড়া বন্ধ করে দেন। দৃশ্যটি নজরে আসতেই আয়োজক টিমের সদস্যরা মাঠে নেমে আসেন এবং খেলা স্থগিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহনপুর গ্রামের যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে গত সোমবার কুস্তি টুর্নামেন্ট শুরু হয়। খেলার উদ্বোধন করেন বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন। টুর্নামেন্টের দ্বিতীয় দিন মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। তখন সেখানে কয়েকশ দর্শক উপস্থিত ছিলেন।
লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে খেলার মাঠে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। খেলার একাধিক ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, খেলোয়াড় হেলাল উদ্দিন অসুস্থ হয়ে মারা গেছেন। এ ব্যাপারে তার পরিবারের কোনো অভিযোগ নেই। মঙ্গলবার রাতেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।