কুষ্টিয়া-৩: আমির হামজা ও জাকির হোসেনের পাল্টাপাল্টি অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের ভোটযুদ্ধের পাশাপাশি প্রতিপক্ষকে ঘায়েল করতে প্রযুক্তি ভিত্তিক তথ্য সন্ত্রাস বা সাইবার বুলিংয়ের অভিযোগ উঠছে পরষ্পরের বিরুদ্ধে। এক্ষেত্রে বিশেষ ভাবে জড়িয়ে পড়েছে প্রধান দুই প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীগণ।
কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী জাকির হোসেন সরকার এবং জামায়াত প্রার্থী বহুল আলোচিত মুফতি আমীর হামজার সমর্থকদের মধ্যে প্রযুক্তি নির্ভর তথ্য সন্ত্রাসের প্রতিকার দাবি করে পক্ষগণ একে অন্যের বিরুদ্ধে থানায় ডায়েরী করাসহ সংবাদ সম্মেলনে পরষ্পরের বিরুদ্ধে বিষোদাগার করে বক্তব্য তুলে ধরেছেন।
গতকাল দুপুর থেকে কুষ্টিয়া-৩ সদর আসনে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজার ফেসবুক পেজ উধাও মর্মে কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন অজ্ঞাতনামা প্রতিপক্ষে বিরুদ্ধে। ডায়েরীতে উল্লেখ করা হয়েছে মুফতি আমির হামজার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে রিপোর্ট করে নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ও গণসংযোগ কার্যক্রমে বাধা সৃষ্টি করতেই একটি চক্র সংঘবদ্ধভাবে ফেসবুক আইডি রিপোর্ট করে বন্ধ করিয়ে দিয়েছে। ফলে দীর্ঘদিন ধরে ব্যবহৃত আইডিটি বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না।
অন্যদিকে একই ভাবে কুষ্টিয়া-৩ বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী জেলা বিএপির সদস্য সচিব জাকির হোসেন সরকারও পাল্টা সংবাদ সম্মেলন করে নিজ দলের অবস্থানগত বক্তব্য তুলে ধরেছেন। তিনি বলেছেন,‘একটি দল শুরু থেকেই গুজবের উপর নির্ভর করে মনগড়া ভিত্তিহীন তথ্য ছড়িয়ে নিজেদের পক্ষে অবস্থান গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিটা ক্ষেত্রেই প্রকৃত সত্যকে আড়াল করে এটাকে বিভিন্ন ভাবে স্যোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দিছে সমাজে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসময় সেখানে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।