তারেক রহমানের আসনে মাঠে বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসি ও ঢাবি শিক্ষকরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের বিভিন্ন স্থানে মিছিল করেছেন একাধিক বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান এলাকায় মিছিলে অংশ নেন তারা। এতে বিভিন্ন ধরনের দাবি ও স্লোগান সম্বলিত প্ল্যাকার্ডও বহন করেন শিক্ষকরা।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য (ভিসি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে মিছিলের সামনের সারিতে দেখা যায়। তিনি বিএনপির কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক। তার ফেসবুক আইডি থেকে মিছিলের দৃশ্য লাইভ করেন তিনি।
এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য (প্রো-ভিসি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক তাহমিনা আখতারসহ অনেক শিক্ষক ও পেশাজীবীকেও দেখা যায় মিছিলে। মিছিলে সাদা টি-শার্ট পরে অংশ নেন ভিসি-প্রোভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে বহনকৃত ব্যানারে লেখা ছিল, ‘ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন’। এ সময় তাদের বহনকৃত প্ল্যাকার্ডে শিক্ষাসহ বিভিন্ন খাত নিয়ে নানা ধরনের দাবিও তুলে ধরা হয়।