প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে-মামলা ও গ্রেপ্তার করবে: শাহজাহান চৌধুরী

জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, জামায়াতে ইসলামীর জন্য আজকের এই সুযোগ ভবিষ্যতে আর আসবে না। দুর্নীতির টাকা বাদ দিলে পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান থেকে বস্তা বস্তা টাকা দেশে ঢুকবে, অস্ত্র ঢুকবে। আমাদের আমিরে জামায়াত যদি থাকতেন, আমি বলতাম—নির্বাচন শুধু জনগণকে দিয়ে হয় না। আমি ন্যাশনালি বলব না, তবে যার যার নির্বাচনি এলাকায় যারা প্রশাসনে আছে, তাদের অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতের চট্টগ্রামের নির্বাচনি দায়িত্বশীলদের সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
এ সময় কেন্দ্রীয় এক নেতার দৃষ্টি আকর্ষণ করে শাহজাহান চৌধুরী বলেন—যার যার নির্বাচনি এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। পুলিশ আপনার পেছনে পেছনে হাঁটবে। ওসি সাহেব সকালবেলায় আপনার কী প্রোগ্রাম আছে জেনে নেবে এবং আপনাকে প্রোটোকল দেবে। টিএনও (ইউএনও) সাহেব যে উন্নয়ন এসেছে, তার সব হিসেব নোমিনির (জামায়াতের প্রার্থী) কাছে থেকে খুঁজে বের করতে হবে।
তিনি আরও বলেন—আমি দক্ষিণ জেলায় অনেককে সহযোগিতা করেছি। তখন আমাকে ক্যান্ডিডেট হিসেবেও ঘোষণা করা হয়নি। উপদেষ্টাদের সঙ্গে সম্পর্ক ছিল। লোহাগাড়ায় ১০০ কোটি, সাতকানিয়ায় ১০০ কোটি এবং বাস্তবায়নের জন্য লোহাগাড়ায় ১০ কোটি, সাতকানিয়ায় ১০ কোটি দেওয়া হয়েছে। আপনি যদি জনগণকে কিছু দিতে না পারেন, জনগণের অভাব, অভিযোগ, চাহিদা বুঝতে না পারেন—তাহলে নির্বাচন কঠিন। ডেকোরেশনের বয়রা নিয়ে সম্মেলন করলে হবে না; তাদেরও ভোটার হিসেবে দেখতে হবে। সবাইকে নিয়ে সম্মেলন করতে হবে।
তিনি বলেন—নির্বাচন শুধুই সংগঠনের কাজ নয়। সংগঠন অবশ্যই মৌলিক ভিত্তি, সংগঠনই ধারক-বাহক। কিন্তু জনগণকে জায়গা দিতে না পারলে নির্বাচনে বিজয় কঠিন। যেমন বিগত ফ্যাসিস্ট সরকার শুধু আওয়ামী লীগের লোকজনকে নিয়ে দেশ শাসনের চেষ্টা করেছে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতারা পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।