সরকার আগে থেকে সতর্ক থাকলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমানো যেত: তারেক রহমান

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার সকালে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় শোক ও উদ্বেগ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘সরকার পূর্ব থেকেই সতর্ক থাকলে দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতি ঘটানোসহ মানুষকে সুরক্ষিত রাখা ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো। বাংলাদেশের মানুষ নানা প্রাকৃতিক বিপদসংকুল দুর্যোগ মোকাবিলা করে সব সময় সামনের দিকে এগিয়ে গেছে। আজকের ভূমিকম্পেও বাংলাদেশের মানুষ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
আজ শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘আজ বাংলাদেশে প্রবল ভূমিকম্পে মানুষের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাহত। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি ও সহানুভূতি প্রকাশ করছি। আমি মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া করছি, তিনি যেন ভূমিকম্পে হতাহতদের পরিবারকে শোক ও কষ্ট সহ্য করার ক্ষমতা দান করেন।’
ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। আমি ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষের আশু সুস্থতা কামনা করছি।’
ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় পৃথক আরেক বিবৃতিতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের এক ভয়াবহ রূপ হলো ভূমিকম্প। বাংলাদেশে সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পে কমপক্ষে ছয়জনের প্রাণহানি ও দুই শতাধিক মানুষ আহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে দেশবাসীর মতো আমিও গভীরভাবে শোকার্ত। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে জীবনহানিসহ জানমালে মারাত্মক ক্ষতি হয়। আমি ক্ষতিগ্রস্ত সেই সব পরিবারের প্রতি জানাচ্ছি শোক ও সহমর্মিতা।’
মির্জা ফখরুল বলেন, ‘এই বিপদের সময় দেশবাসী যেন ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে পারেন, সে জন্য আমি মহান আল্লাহর কাছে মোনাজাত করছি। এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি। আমি ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষের আশু সুস্থতা কামনা করছি।’