সবচেয়ে ‘গরিব’ উপদেষ্টা ফরিদা আখতার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, সবচেয়ে কম সম্পদের মালিক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী প্রকাশ করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন ফরিদা আখতারের সম্পদের পরিমাণ ছিল ৮১ লাখ ২৮ হাজার ৯২৯ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা বেড়ে ১ কোটি ২ লাখ ২৫ হাজার ৬০ টাকা হয়েছে। তার স্বামীর সম্পদ ১ কোটি ৬ লাখ ৫৩ হাজার ৯৮১ টাকা থেকে বেড়ে ১ কোটি ১০ লাখ ২৩ হাজার ৯৪৯ টাকা হয়েছে।