নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয় সূত্রে জানা গেছে, নতুন শপথ নিতে যাওয়া মন্ত্রীদের ব্যবহারের জন্য ইতিমধ্যে ৫০টি বিলাসবহুল গাড়ি পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। সরকারি যানবাহন অধিদপ্তর (পরিবহন পুল) এসব গাড়ির যান্ত্রিক পরীক্ষা ও ধোয়া-মোছার কাজ শেষ করে এখন কেবল হস্তান্তরের অপেক্ষায় রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারিকে প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে। তবে নির্বাচনের আনুষ্ঠানিক গেজেট প্রকাশের ওপর ভিত্তি করে এই তারিখ আরও এগিয়ে আসতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। বঙ্গভবনে রাষ্ট্রপতির উপস্থিতিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের সব ধরণের দাপ্তরিক প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।
প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
ঐতিহ্যগতভাবে বাংলাদেশে প্রতিবার নির্বাচনের পর নতুন মন্ত্রীদের যাতায়াতের জন্য পরিবহন পুল থেকে বিশেষ ব্যবস্থায় গাড়ি বরাদ্দ দেওয়া হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ৫০টি গাড়ি প্রস্তুত রাখার অর্থ হলো, নতুন মন্ত্রিসভার আকার গতবারের তুলনায় খুব একটা ছোট হচ্ছে না বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। গাড়িগুলোর রক্ষণাবেক্ষণ ও চালকদের বিশেষ নির্দেশনাও ইতিমধ্যে প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি সারাদেশে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ফলাফল চূড়ান্ত করার পরপরই বিজয়ীদের গেজেট প্রকাশ করা হবে। এরপর বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং এর পরপরই গঠিত হবে নতুন সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, শপথের দিনই যাতে মন্ত্রীরা গাড়ি ব্যবহার করে নিজ নিজ দপ্তরে যেতে পারেন, সেটি নিশ্চিত করতেই আগেভাগে এই তোড়জোড়।