ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে হঠাৎ তলব, ঘটনা কী?

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ দেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগ তুলে ধরে ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ জানানো হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনা নিয়মিতভাবে তার সমর্থকদের বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে উসকানি দিচ্ছেন, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।
এ সময় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদালতের দেওয়া দণ্ডের মুখোমুখি করতে দ্রুত প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক সদস্যদের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের দিকেও ভারতীয় হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অভিযোগ করা হয়, এসব ব্যক্তি আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করতে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নে সহায়তা করছে।
এ ছাড়া, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া রোধে ভারতের সহযোগিতা চাওয়া হয়। কেউ ইতোমধ্যে ভারতে প্রবেশ করে থাকলে তাদের গ্রেপ্তার ও বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বান জানানো হয়।
বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় ভারতের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশিত।
এদিকে, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক—এটাই ভারতের প্রত্যাশা। এ লক্ষ্যে ভারত সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলেও তিনি জানান।