ইরানের হামলায় আরব আমিরাতে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে

ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে সালেহ আহমদ নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে রবিবার (১ মার্চ) দেশটির কর্তৃপক্ষ এক বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি।
তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, নিহত সালেহ আহমদ ইরানের আজমান প্রদেশে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় সালেহ আহমেদ ইফতার শেষে জরুরি খাদ্য পানীয় সরবরাহের কাজে বের হন। তাঁর সঙ্গে আরও একজন সহকর্মী ছিলেন। হঠাৎ আকাশে আগুনের মতো উজ্জ্বল একটি বস্তু দেখা যায়। মুহূর্তেই বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সালেহ আহমেদ গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল।
পরে সিভিল ডিফেন্স ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিয়ন্ত্রণে নেয় এবং তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠায়। রবিবার সকালে অনানুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তবে এখনো এ বিষয়ে আমিরাত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
নিহত সালেহ আহমেদ দীর্ঘদিন ধরে প্রবাসে কাজ করছিলেন। দেশে তার মা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন তিনি।
সালেহ আহমেদের চাচাতো ভাই মাহবুব আলম চৌধুরী বলেন, গতকাল সন্ধ্যায় তার ভাইয়ের মৃত্যু হয়েছে। তবে কী কারণে মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।