ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে মরিচ গুঁড়া ছিটিয়ে দিলেন স্ত্রী

ভারতের রাজধানী দিল্লির মাদনগিরি এলাকায় এক নারীর বিরুদ্ধে ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে ও মরিচ গুঁড়া ছিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় স্বামী দিনেশ (২৮) বর্তমানে সাফদারজং হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর গভীর রাতে এই নৃশংস ঘটনাটি ঘটে। দিনেশ একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করেন। ঘটনার সময় তাদের আট বছর বয়সী কন্যা সন্তান ঘরে উপস্থিত ছিল।
দিনেশ হাসপাতালের শয্যা থেকে বলেন,
“রাতে কাজ শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ শরীরে তীব্র জ্বালা অনুভব করি। চোখ খুলে দেখি আমার স্ত্রী গায়ে ফুটন্ত তেল ঢালছে। এরপর ক্ষতস্থানে মরিচ গুঁড়া ছিটিয়ে দেয়।”
প্রতিবেশীরা চিৎকার শুনে এগিয়ে এসে দিনেশকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বড় অংশ দগ্ধ এবং অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক।
পুলিশ জানায়, দিনেশ ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। দুই বছর আগে স্ত্রী “ক্রাইম এগেইনস্ট উইমেন” সেলে অভিযোগ করেছিলেন, পরে বিষয়টি আপসে মীমাংসা হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১১৮, ১২৪ ও ৩২৬ ধারায় মামলা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা বলছেন,
“তাদের মধ্যে ঝগড়া আমরা শুনতাম, কিন্তু এমন ভয়াবহ পরিণতি কেউ ভাবেনি।”