বিনোদন খবর

আমার সন্তান আমি কেন লুকিয়ে রাখব: মাহিয়া মাহি

Advertisements

ঢাকাই চলচ্চিত্রে অভিনেতা-অভিনেত্রীদের বিয়ে-বাচ্চা লুকিয়ে রাখার একটা প্রবণতা লক্ষ করা যায়। অনেকেই ভাবেন, বিয়ে করলে কিংবা সন্তান নিলে আবেদন ফুরিয়ে যাবে। তাই অনেকসময় সত্যটা আড়ালে রাখেন। এই দিক থেকে অনেকটাই ব্যতিক্রম হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিয়ে-বাচ্চা সবটাই এনেছেন প্রকাশ্যে।

এ অভিনেত্রীর মতে, তার ভক্ত-দর্শকরা তার সম্পর্কে জানতে চায়। তাদের জানার আগ্রহ আছে তাই তিনি আনন্দের খবর লুকিয়ে না রেখে সবার সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অতিথি হিসেবে উপস্থিত হন মাহি-রকিব দম্পতি। এ সময় বিয়ে-সন্তান নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

সন্তান জন্মের পর ঠিক কী পরিবর্তন এসেছে নায়িকা জীবনে—এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আমি তেমন পরিবর্তন দেখছি না। আগে যেমন কোথাও দুজন যেতাম এখন সেটা বেড়ে হয়েছে তিনজনে। শুধু চিন্তায় থাকে ছেলেকে কী খাওয়াব, ওই পরিবেশে ফারিশ কীভাবে থাকবে এটাই।’

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

ছেলের জন্মের পর মেজাজ বদলেছে কি না—বলতে পারবে পরিবার। তবে স্বামী রকিব সরকার তাকে আগের চেয়ে শান্ত দেখছেন বলেও জানান মাহি।

Advertisements

বিয়ে এবং সন্তান প্রকাশ্যে আনার ব্যাপারে মাহির ভাষ্য, ‘আমার সন্তান আমি কেন লুকিয়ে রাখব। বিয়ে-বাচ্চা এগুলো তো গর্বের বিষয়। আনন্দের খবর আমি সবার সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করি। আমি মনে করি, আমার ভক্ত-দর্শকদের আমার সম্পর্কে জানার আগ্রহ আছে। আমিও সেটা খেয়াল রাখি।’ প্রথম প্রথম মেয়ে সন্তানের আশা করেছিলেন মাহি। তবে ছেলে সন্তান হওয়াতেও অখুশি নন তিনি। তার কথায়, ‘এখন ছেলে হয়েছে, ইনশাআল্লাহ নেক্সট টাইম মেয়ে হবে। তার নাম ফারিশতা রাখব।’

স্বামীর সঙ্গে মাহিয়া মাহি
স্বামীর সঙ্গে মাহিয়া মাহি

বর্তমানে সংসার-সন্তানের পাশাপাশি রাজনীতিতেও ব্যস্ত মাহিয়া মাহি। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করার ইচ্ছে আছে তার। সে কারণে নিজের নির্বাচনী এলাকায় চালাচ্ছেন প্রচারণা, অংশ নিচ্ছেন দলীয় বিভিন্ন কর্মসূচিতে। বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করছেন তিনি।

জানা গেছে, বিরতি ভেঙে শিগগির নতুন একটি ছবিতে কাজ শুরু করবেন এ অভিনেত্রী। মাহি বলেন, ‘নিজেকে ফিট করছি। আগামী অক্টোবরে নতুন কাজ শুরু করব। এরই মধ্যে সবকিছু চূড়ান্ত করেছি। দর্শক নতুন কিছু দেখতে পাবেন এতটুকু বলতে পারি।’

ছেলে ফারিশের সঙ্গে মাহি
ছেলে ফারিশের সঙ্গে মাহি

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সবাইকে মা হতে যাওয়ার সুসংবাদ দেন তিনি। গত ২৮ মার্চ রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। নাম রাখেন মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।

এর আগে, ২০১৬ সালে মাহিয়া মাহি ভালোবেসে বিয়ে করেন সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে। ২০২১ সালের ২৩ মে তিনি জানান, অপুর সঙ্গে আর থাকছেন না। দুই বছর আগেই তারা বিবাহবিচ্ছেদ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন