হিরো আলম গ্রেপ্তার

দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে স্ত্রী রিয়ামনির করা মামলায় রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ তাকে আটক করে।
মামলার অভিযোগে বলা হয়, হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিম বাদীকে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় গত ২৩ জুন রিয়ামনি হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন।
এদিকে রিয়ামনির আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানিয়েছেন, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছিলেন না। তাই জামিন বাতিলের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
অভিযোগ অনুযায়ী, গত জুনে মীমাংসার বহির্ভূত এক বৈঠকে হিরো আলমসহ কয়েকজন রিয়ামনি ও তার পরিবারের সদস্যদের গালাগাল এবং পরে তাদের বাসায় ঢুকে মারধর করেন। তখন বাদীর গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে।
হাতিরঝিল থানা পুলিশ বলছে, মামলার আইনি প্রক্রিয়া অনুযায়ী হিরো আলমকে আদালতে পাঠানো হবে।