৯ মাস পর কারামুক্ত হলেন শমী কায়সার

রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানার দুটি হত্যাচেষ্টা মামলা থেকে জামিনের পর কারামুক্ত হয়েছেন অভিনেত্রী শমী কায়সার।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন তিনি।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শমী কায়সারকে জামিন দেন।
মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট উত্তরার আজমপুর এলাকায় উত্তরা পূর্ব থানার অন্তর্গত এলাকায় বিক্ষোভের সময় আওয়ামী লীগ সমর্থকরা গুলি চালায়। ওই সময় টঙ্গী সরকারি কলেজের ছাত্র জুবায়ের হাসান ইউসুফসহ আরও অনেকে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। ২২ আগস্ট জুবায়ের থানায় গিয়ে ১১ জনের নাম উল্লেখ এবং আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।
শমী কায়সারও ওই মামলার আসামি ছিলেন। গতবছরের ৫ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শমী কায়সারকে উত্তরার সেক্টর-৪-এর বাসা থেকে আটক করে। পরদিন তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।