ঝিনাইদহে ধানের শীষের সমর্থককে কুপিয়ে জখম

ঝিনাইদহ সদরের মিয়াকুন্ডু গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ফেরার পথে ঠান্ডু মন্ডল (৫৬) নামের এক সমর্থককে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ উঠেছে- ধানের শীষ প্রতীকের সমর্থকরাই তাকে কুপিয়ে আহত করেছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, ঝিনাইদহ -৪ আসনের অধীনস্ত বামনাইল গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে রাতে বাড়ি ফিরছিল ঠান্ডু মন্ডল। পথে ধানের শীষ প্রতীকের ১০ থেকে ১৫ জন সমর্থক তার ওপর হামলা করে। তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা।
ঠান্ডু মন্ডল বলেন, হামলাকারীরা আমাদের গ্রামেরই ছেলে। ওরাও ধানের শীষের সমর্থক। ওদের সাথে আমাদের পূর্ব বিরোধ ছিল। পূর্বের বিরোধকে নির্বাচনে কাজে লাগিয়েছে তারা।
ঝিনাইদহ সদর পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ভোট চাওয়া নিয়ে এ ঘটনা ঘটেছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: তাপস কুমার বলেন, ঠান্ডু মন্ডলের পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।