শৈলকুপায় ৭নং হাকিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ছাত্রদল নেতা পলাশ!

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৭নং হাকিমপুর ইউনিয়ন পরিষদে আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. পলাশ হোসেন। সম্প্রতি সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেন।
পলাশ হোসেন জানান, তিনি ইতিমধ্যে এলাকায় গণসংযোগ শুরু করেছেন এবং সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন। তিনি বলেন, “আমি ছাত্রদলের রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি। বর্তমানে ৭নং হাকিমপুর ইউনিয়নের মানুষ নেতৃত্বে পরিবর্তন চায়। আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শুনছি।”
নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, “যদি ইউনিয়নবাসী আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তবে আমি পুরো ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এলাকার উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার পাশাপাশি আমার প্রধান লক্ষ্য হবে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা।”
তিনি আরও উল্লেখ করেন যে, যুবসমাজকে সাথে নিয়ে সন্ত্রাস ও অপরাধমুক্ত এলাকা গড়তে তিনি বদ্ধপরিকর। আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও পূর্ণ সহযোগিতা কামনা করেছেন।