ঝিনাইদহে চিকিৎসকের অপেক্ষায় রোগীর মৃত্যু

ঝিনাইদহ শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে চিকিৎসকের জন্য অপেক্ষা করতে গিয়ে সুখজান নেছা (৫৮) নামে এক নারী রোগীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া সুখজান নেছা কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামের সিরাজ উদ্দীন বিশ্বাসের স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি যক্ষাসহ ফুসফুসের সমস্যায় ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে।
রোগীর মেয়ে সাবানা খাতুন বলেন,
“বিকেল ৫টার দিকে আমি মাকে নিয়ে হাসপাতালে আসি। মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেনের সিরিয়াল ছিল ৩৩ নম্বরে। অপেক্ষা করার সময় মা বাথরুমে যান। সেখান থেকে বের হয়ে হঠাৎ পড়ে যান। পরে ডাক্তার এসে জানায়, মা আর নেই।”
রোগীর ছেলে শাহাজান আলী জানান,
“মা অনেকদিন ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন। আমরা কাউকে দায়ী করছি না, এটা স্বাভাবিক মৃত্যুই হতে পারে।”
ঘটনার বিষয়ে ঝিনাইদহ আড়াই’শ শয্যা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন বলেন,
“রোগী বাথরুম থেকে বের হওয়ার পরই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে গিয়ে পরীক্ষা করি—তখনই দেখি তিনি মারা গেছেন। এখানে কারও অবহেলা ছিল না।”
হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি।