ঝিনাইদহে দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে চারা ও বীজ বিতরণ

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে ফল ফসলের আবাদ বৃদ্ধি ও অক্সিজেন ঘাটতি কমানোর লক্ষ্যে দরিদ্র পরিবার ও কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ গাছের চারা ও ফসলের বীজ বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে শহরের পুরাতন ধোপাঘাটা ব্রিজ এলাকায় আলোকিত সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে অর্ধশতাধিক পরিবারের মধ্যে আম, কাঠাল, মেহগনি গাছের চারা এবং লাউ ও মিষ্টিকুমড়ার বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাদের। এ সময় আরও উপস্থিত ছিলেন আলোকিত সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোছা. রোখসানা খাতুন, প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল হাসেম, উপজেলা কো-অর্ডিনেটর মোছা. মনিরা খাতুনসহ অন্যান্য় কর্মকর্তাবৃন্দ।
চারা ও বীজ বিতরণ অনুষ্ঠানে সমাজসেবা অফিসার বলেন, “সামাজিক উন্নয়নে আলোকিত সমাজ কল্যাণ সংস্থা যেভাবে এগিয়ে এসেছে, তাতে সমাজের অন্যান্যরাও এর সুফল ভোগ করবে বলে আমি আশাবাদী। আজ যাদের মাঝে বীজ ও চারা বিতরণ করা হয়েছে, তারা যেন নিজেদের বাড়ির আঙ্গিনায় এসব রোপণ করেন— এতে আমাদের পরিবেশ আরও সবুজ ও সমৃদ্ধ হবে।”
এছাড়া সংস্থার নির্বাহী পরিচালক মোছা. রোখসানা খাতুন বলেন, “আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিকতায় আজকের এই চারা ও বীজ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। পাশাপাশি যৌতুক, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক অপরাধ প্রতিরোধেও আমরা কাজ করে যাচ্ছি। আলোকিত সমাজ কল্যাণ সংস্থা ভবিষ্যতে ঝিনাইদহের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।”