চাঁদাবাজিতে বাধা দেওয়ায় এনসিপি কর্মীকে মারধর, থানায় মামলা
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি ও আশপাশের এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় এক এনসিপি কর্মীকে রোলিং মিলসে আটকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
গতকাল (২১ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকার এমদাদীয়া রোলিং মিলস এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর আহত এনসিপির কর্মী বিপ্লব সরকার (২১) বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেন। তিনি সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন এনসিপির সংগঠক।
মামলার আসামিরা হলেন ইয়াসিন আরাফাত ওরফে টুন্ডা আরাফাত (৩২), আহাম্মদ হোসেন (৫৮), আনোয়ার হোসেন (৫০), রাফি (২৬) ও রাসেল (৩৬)।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বিপ্লব বলেন, অভিযুক্ত ব্যক্তিরা পঞ্চবটি ও আশপাশের এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে আমরা তাঁদের বাধা দিলে তাঁরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় আমাকে একা পেয়ে মারধর করেন এবং টেনেহিঁচড়ে এমদাদীয়া রোলিং মিলের ভেতর নিয়ে আটকে রাখেন। সেখানে আমাকে মিলের গরম চুল্লির মধ্যে ফেলে দেওয়ার হুমকি দেন।’
তবে ঘটনা অস্বীকার করে ইয়াসিন আরাফাত বলেন, রোলিং মিলে চাঁদাবাজি করতে এসেছিলেন বিপ্লব। তাঁকে আটকে রাখলে এনসিপির নেতা-কর্মীরা এসে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান।
এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী বলেন, ‘অভিযুক্ত ইয়াসিন আরাফাত এনসিপির নাম ভাঙিয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করতেন। বিষয়টি জানতে পেরে তাঁকে এই বিষয়ে সতর্ক করা হয়েছিল অনেক আগেই। সে ক্ষিপ্ত হয়ে আমাদের এক কর্মীকে রোলিং মিলে আটকে রেখে মারধর করেছেন। এ ঘটনায় বাদী আইনের আশ্রয় নিয়েছেন।’
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান চলছে।’