জামায়াতের টার্গেট ৬টি, বিএনপির ১০টি

কুমিল্লার ১১টি সংসদীয় আসনে প্রার্থীদের জয় নিয়ে মুখ খুলেছেন বিএনপি ও জামায়াতের দায়িত্বশীল নেতারা। জেলার ১১টি আসনের মধ্যে জামায়াতের টার্গেট ৬টি আর বিএনপির টার্গেট ১০টি আসনে জয়লাভ করা। উভয় জোটের মাঠের পরিবেশ পরিস্থিতি এবং চালচিত্র দিনে দিনে বদলাচ্ছে। জেলার সব আসনেই বিএনপি, জামায়াত জোট আসন বাগিয়ে নিতে মরিয়া হয়ে দৌড়ঝাঁপ করছে। এদিকে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে নানা সমীকরণ চালাচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
খোঁজ নিয়ে জানা যায়, জেলার ১১টি আসনে বিএনপির প্রার্থীরা দাপটের সঙ্গেই এগিয়ে যাচ্ছিল। এরই মাঝে কুমিল্লা-৪ এবং কুমিল্লা-১০ আসনে ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে নির্বাচন থেকে বাদ পড়েছেন বিএনপির দুই প্রার্থী। এতে ভোটের মাঠে একটা নেতিবাচক প্রভাব ফেলেছে। এর মধ্যে কুমিল্লা-১০ আসনে বিএনপি বিকল্প প্রার্থী দিলেও কুমিল্লা-৪ আসনে কোনো প্রার্থী দিতে পারেনি।
সাংগঠনিক সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে জেলার ১১টি আসনের মধ্যে ৬টি আসনে জয়লাভ করার টার্গেট নিয়ে কাজ করছে জামায়াত। দলটি ৬টি আসনকে তাদের ‘এ’ ক্যাটাগরিতে রেখেছে। অর্থাৎ ৬টি আসনে তাদের প্রার্থীরা জয়লাভ করার সম্ভাবনা বেশি বলে দাবি করা হচ্ছে। কুমিল্লা-৩ মুরাদনগর, কুমিল্লা-৪ দেবিদ্বারে, কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া, কুমিল্লা-৯ লাকসাম মনোহরগঞ্জ, কুমিল্লা-১০ নাঙ্গলকোট লালমাই, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে জামায়াতের প্রার্থীরা এগিয়ে রয়েছে বলে সাংগঠনিক সূত্র দাবি করেছে। তাছাড়া ‘বি’ ক্যাটাগরির আসনগুলো নিয়েও কাজ করছে দলটি।
এদিকে জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ১০টি আসনে জয়লাভ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি নেতারা। তাদের দাবি কুমিল্লা বিএনপির ঊর্বর ভূমি। এখানে কুমিল্লা-৪ আসনে ধানের শীষের প্রার্থী নেই। বাকি ১০টি আসনে বিএনপির প্রার্থীরা অনায়াসে জয়লাভ করতে পারে।
কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, জেলার ৬টি আসন ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। ৬টি আসনে আমাদের প্রার্থীরা সহজে জয়লাভ করতে পারবে। তাছাড়া বাকি আসনগুলোর ফলাফল অনুকূলে আনতে চেষ্টা চলছে।
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের প্রচার সম্পাদক বেলাল হোসাইন বলেন, এবারের নির্বাচনে জামায়াত জোটের জোয়ার এসেছে। আমাদের সবকটি কনসেপ্ট মানুষ গ্রহণ করেছে। কুমিল্লা জেলায় অন্যদল থেকে আমরা বেশি আসন নিয়ে জয়লাভ করব।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার বলেন, কুমিল্লার ১০টি আসনে বিএনপির প্রার্থীরা জয়লাভ করবে। আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি।
কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, কুমিল্লা-৪ আসনে ধানের শীষের প্রার্থী নেই। এখানে জোটের প্রার্থীকে সমর্থন দেওয়া হতে পারে। আমরা ১০টি আসনে জয়লাভ করার টার্গেট নিয়ে কাজ করছি। তাছাড়া কুমিল্লা-৪ আসনে জোটের প্রার্থী সিলেক্ট হলে সেখানেও আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।