১২ বছর পর কবর থেকে তোলা হলো জামায়াত কর্মীর লাশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে আদালতের নির্দেশে ১২ বছর পর কবর থেকে জামায়াতে ইসলামী কর্মী শাহাবুল ইসলামের লাশ (হাড়গোড়) উত্তোলন করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামে এ লাশ তোলা হয়।
পুলিশ জানায়, ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের নির্দেশে কবর থেকে লাশের অংশবিশেষ সংগ্রহ করা হয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের দিন বামনডাঙ্গা ইউনিয়নের একটি কেন্দ্রে হামলায় শাহাবুল ইসলাম নিহত হন।
প্রায় সাড়ে ১০ বছর পর নিহতের ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে মামলা করেন। এতে মোট ৭৯ জনের নাম উল্লেখ এবং ৪০–৫০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী লাশের অংশ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যা তদন্ত প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে।