ইবির শিক্ষক বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকবহনকারী একটি কোস্টার বাস (মিনিবাস) সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া থেকে শিক্ষকদের ক্যাম্পাসে আনার পথে সদর উপজেলার এগারোমাইল নামক স্থানে যাত্রীবাহী রূপসা বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে কয়েকজন আহত হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বাসের চালক ও আহত এক শিক্ষকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবাহী কোস্টার বাস (ঢাকা মেট্রো-ঝ-১১-০৯২৩) সকালে ১০টায় কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি আনুমানিক সাড়ে ১০ টার দিকে কুস্টিয়া-ঝিনাইদহ মহসড়কের ১১ মাইলের কাছাকাছি পৌছালে বিপরীত দিক থেকে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রুপসা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৫৪৭৪) মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী বাসটি একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে ডানদিক থেকে আসা কোস্টারের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় রূপসা বাসের চালক পালিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, দুর্ঘটনায় প্রাথমিকভাবে ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শফিকুল ইসলাম ও কোস্টার চালক নজরুল ইসলামও রয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিতে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়। পরে চালকের কোমরের আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সহকর্মীরা কাজ শুরু করেছে। এখন পর্যন্ত একজনের অবস্থা গুরুতর।