ঝিনাইদহ থেকে কিশোরি নিখোঁজ।। ৬ দিনেও মেলেনি কোনো খোঁজ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকা থেকে রিতা খাতুন (১৬) নামে এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজের ছয়দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছে পরিবার।
জানা গেছে, রিতা খাতুন কালীগঞ্জ উপজেলার আয়েশা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী। গত ৯ জুলাই (মঙ্গলবার) দুপুর আনুমানিক ১২টার দিকে সে তার নানির বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে।
রিতার নানী জাহান্নারা বেগম (৬০) জানান, “মেয়েটি বাড়ি ফেরেনি দেখে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে ১৪ জুলাই (সোমবার) ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।”
পরিবার সূত্রে জানা যায়, রিতা বর্তমানে তার নানীর বাড়িতে থেকেই পড়াশোনা করত এবং সেখান থেকেই এবারের এসএসসি পরীক্ষা দিয়েছে।
এ ঘটনায় রিতার পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছেন। তারা মেয়েটির দ্রুত সন্ধানের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা সাধারণ ডায়েরি গ্রহণ করেছি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। কিশোরীকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”