সারাদেশ

ঈদের বন্ধে সোহরাওয়ার্দী মেডিকেলে চুরির চেষ্টা, ধরতে গিয়ে আনসার সদস্য আহত

পবিত্র ঈদ-উল ফিতরের বন্ধে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে (এসএইচএসএমসি) চুরির চেষ্টাকালে দুজনকে আটক করেছেন আনসার সদস্যরা। গতকাল শুক্রবার (২০ মার্চ) মেডিকেলের নিচতলায় এই চুরির চেষ্টা হয়। এ সময় চোর ধরতে গিয়ে এক আনসার সদস্য আহত হয়েছেন।

আটককৃতরা হলেন রেজাউল (২৯) ও মো. রাতুল (১৯)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানায়নি আনসার বাহিনী। পরবর্তীতে তাদের শেরে বাংলা নগর থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আনসার সদস্যরা জানিয়েছেন, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মেডিকেল কলেজের নিচতলার জানালার গ্রিল কেটে ভবনের ভেতরে প্রবেশ করে এক চোর। অপর একজন বাইরে অবস্থান করছিল। ভেতরে প্রবেশের পর পানির কল ভাঙার সময় শব্দ হলে সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মো. কাওসার হোসেন ও আনসার সদস্য মো. আজিজুর রহমান ঘটনাস্থলে পৌঁছান।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এ সময় এপিসি কাওসার হোসেন চোরকে আটক করতে গেলে সে তাকে পানির কল দিয়ে মাথায় আঘাত করে, এতে কাওসার হোসেন আহত হন। তবে তাৎক্ষণিক পদক্ষেপ ও সাহসিকতায় আনসার সদস্যরা দুই চোরকে আটক করতে সক্ষম হন।

আনসার বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আহত কাওসার হোসেনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার মাথায় সেলাই করা হয়েছে। বরাবরের ন্যায় এই  ঈদও জনগণের জানমালের নিরাপদ রক্ষায় সারাদেশে আনসার সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button