সারাদেশ

চট্টগ্রামে ৩ বছরের শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল্লাহ নামে তিন বছর বয়সী এক শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় মস্তাননগর এলাকার মোস্তফা ভুঁইয়া বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই বাড়ির নুরুল আলম রাসেলের একমাত্র সন্তান।

নিহত শিশুর পরিবারের দাবি, দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন শিশুটিকে আছাড় দিয়ে হত্যা করেছে। শিশুর দাদি জোৎস্না আরা বেগম অভিযোগ করেন, “প্রতিপক্ষের দ্বীন ইসলাম ও তার পরিবারের সদস্যরা আমাদের জায়গায় ঘর তুলছিল। আমি বাধা দিলে তারা আমাকে মারধর করে। পরে তারা আমার স্বামীকে মারতে যায় এবং তাকে না পেয়ে আমার একমাত্র নাতিকে আছাড় দিয়ে মেরে ফেলে পালিয়ে যায়।”

তবে অভিযুক্ত পক্ষ এবং কিছু স্থানীয় বাসিন্দার দাবি ভিন্ন। তাদের ভাষ্যমতে, ঝগড়ার একপর্যায়ে শিশুটির মানসিক ভারসাম্যহীন দাদা নিজের নাতিকে চিনতে না পেরে রাগের মাথায় আছাড় দেন। অভিযুক্ত দ্বীন ইসলামের স্ত্রী আটকের আগে জানান, দুই পরিবারের ঝগড়ার সময় তারা এই বিষয়ে কিছুই জানতেন না, হঠাৎ শুনতে পান শিশুটি মারা গেছে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, “প্রাথমিক সুরতহালে শিশু আব্দুল্লাহর মাথার পেছনে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, এটি পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ড কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button