খেলাধুলা

‘বিশ্বকাপ জিততে না পারলে জুলাইতে আমাকে ধরবেন’—বললেন নেইমার

Advertisements

দিনটা নেইমারের জন্য বড্ড গুরুত্বপূর্ণ। আজ বেলো হরিজন্তেতে তাঁর বাঁ হাঁটুতে অস্ত্রোপচার হবে। গত মাসের শেষ দিকে পাওয়া সেই মেনিসকাস চোট নিয়ে মাসখানেক ধরেই ভুগছিলেন। চোট নিয়েই অবশ্য নাড়ির টান আর দায়বদ্ধতা থেকে সান্তোসের অবনমন ঠেকানোর মিশনে নেমেছিলেন, সফলও হয়েছেন। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, অস্ত্রোপচার শেষে পুরোপুরি সেরে উঠতে নেইমারের সর্বোচ্চ এক মাস সময় লাগতে পারে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

মিনাস গেরাইসের রাজধানী শহরে গতকালই পৌঁছে গেছেন নেইমার। তাঁর অস্ত্রোপচার করবেন ব্রাজিল জাতীয় দল ও আতলেতিকো মিনেইরোর চিকিৎসক রদ্রিগো লাসমার। পুরো প্রক্রিয়াটি দেখভাল করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

অস্ত্রোপচারের ধরনটি হলো ‘আর্থ্রোস্কোপি’। সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। ক্লাব কর্তৃপক্ষ অবশ্য ঘরের ছেলেকে ছাড়তে নারাজ, চুক্তি নবায়নের জোর সম্ভাবনা আছে। ফেব্রুয়ারির শুরুর দিকে নেইমার আবার বল পায়ে মাঠে দৌড়াতে পারবেন বলে আশা করা হচ্ছে।

তবে সবার চোখ এখন ২০২৬ বিশ্বকাপে। জাতীয় দলের জার্সিতে নেইমারকে সবশেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে এসিএল চোটে পড়ার পর থেকেই যেন চোটের সঙ্গে তাঁর লুকোচুরি খেলা চলছে। ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন—বিশ্বকাপ খেলতে হলে নেইমারকে শতভাগ ফিট হতে হবে এবং নিয়মিত খেলার মধ্যে থাকতে হবে। সান্তোসকে বাঁচানোর লড়াইয়ে গোল করলেও নেইমার যে পুরোপুরি ফিট ছিলেন না, এই অস্ত্রোপচারই তার বড় প্রমাণ।

Advertisements

অবশ্য অস্ত্রোপচারের টেবিলে যাওয়ার আগে নেইমারের আত্মবিশ্বাসে কোনো কমতি নেই। গত শনিবার প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দিকে নিয়ে এক সংগীতানুষ্ঠানে গিয়ে ২০২৬ বিশ্বকাপ নিয়ে বড় এক বাজিই ধরেছেন ৩৩ বছর বয়সী এই তারকা।

নেইমারের প্রতিশ্রুতি, ২০২৬ বিশ্বকাপ জিততে ব্রাজিল ‘অসম্ভবকে সম্ভব’ করবে।
ভক্তদের উদ্দেশে নেইমার বলেছেন, ‘ব্রাজিলে বিশ্বকাপ ফিরিয়ে আনতে যা যা সম্ভব, আমরা সবই করব। এমনকি অসম্ভবকেও সম্ভব করার চেষ্টা করব। না হলে জুলাইতে (বিশ্বকাপের পর) আপনারা এ নিয়ে আমাকে ধরবেন। আনচেলত্তি, আমাদের একটু সাহায্য করুন…ফাইনালে উঠতে পারলে কথা দিচ্ছি গোল করবই!’

অস্ত্রোপচার শেষে মাঠে কবে ফিরবেন নেইমার, সেটাই এখন বড় প্রশ্ন
অস্ত্রোপচার শেষে মাঠে কবে ফিরবেন নেইমার, সেটাই এখন বড় প্রশ্ননেইমারের ইনস্টাগ্রাম হ্যান্ডল

নেইমার নিজেকে বিশ্বকাপে দেখলেও কাজটা মোটেও সহজ নয়। মে মাসে আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর চোটের কারণে নেইমারকে একবারও দলে ডাকেননি। এই মৌসুমে ২৮ ম্যাচে ১১ গোল আর ৪টি অ্যাসিস্ট থাকলেও ফিটনেস নিয়ে প্রশ্ন থেকেই গেছে। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে বিশ্বকাপের আসর। তার আগে ব্রাজিল প্রীতি ম্যাচ খেলবে মাত্র দুটি—মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে।

ফেব্রুয়ারিতে সুস্থ হয়ে ফেরার পর আনচেলত্তির মন জয় করার জন্য নেইমার হাতে সময় পাবেন বড়জোর মাসখানেক। ২৬ মার্চ বোস্টনে ফ্রান্স আর ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দুটিই হতে যাচ্ছে নেইমারের জন্য ‘অগ্নিপরীক্ষা’। সেখানে সুযোগ পেতে হলে নেইমারকে শুধু ফিট থাকলেই হবে না, পুরোনো সেই জাদুকরি রূপেও ফিরতে হবে।

নেইমার কি পারবেন মার্চের সেই প্রীতি ম্যাচের আগে নিজেকে তৈরি করতে? নাকি চোটের এই কানামাছি খেলায় আরও একবার স্বপ্নভঙ্গ হবে তাঁর?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন