কোটচাঁদপুরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজিমুজ্জামান শ্যামলের দশম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজিমুজ্জামান শ্যামলের দশম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার বিকেলে মিতালী সাহিত্য সাংস্কৃতিক সংসদের কার্যালয়ে আয়োজিত এই শোকসভায় এলাকার বিশিষ্ট সাহিত্য ও সংস্কৃতিমনা ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিতালী সাহিত্য সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক মিতুল সাইফ, নাট্য ব্যক্তিত্ব অসিত কুমার ঘোষ, নাট্য অভিনেতা মহিউল হাসনাত, কবি নয়ন বিশ্বাস, আন্তন ব্যানার্জি, এ.বি. বিশ্বাস, জাহিদ হাসান শোভনসহ অনেকে।
নাজিমুজ্জামান শ্যামলের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার ভাই তারিকুজ্জামান টুটুল। বক্তারা শ্যামলের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংস্কৃতিকর্মী, ও সংগঠক, যার অবদান কোটচাঁদপুরের সংস্কৃতি অঙ্গনে আজও অনন্য।
অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে পরিণত হয়। বক্তারা শ্যামলের আত্মার শান্তি কামনা করে তার অসমাপ্ত কাজগুলোকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।