গণহত্যার দায়ে নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা নরওয়ের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নরওয়ে। অসলো জানায়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের দেশে পা রাখলেই গ্রেফতার করা হবে।
বুধবার (১৩ আগস্ট) এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
২০২৪ সালের ২১ নভেম্বর যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
গত মঙ্গলবার নরওয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিচ জানান, তার দেশ নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির জারি করা গ্রেফতারি পরোয়ানার প্রতি অঙ্গীকারবদ্ধ।
ক্রাভিচ নিশ্চিত করেন, নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেফতার করা হবে।
তিনি বলেন, আইসিসির অন্যতম সদস্য হিসেবে ওই আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে নরওয়ের। এতে আন্তর্জাতিক আইনের প্রতি অসলোর অঙ্গীকারের প্রতিফলন ঘটবে। এই অবস্থান আইসিসির ম্যান্ডেটের প্রতি ও আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার বিষয়টির প্রতি নরওয়ের পুরো সমর্থন আছে।
আইসিসির রায় প্রকাশের পর নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে মন্তব্য করেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে আইসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
২০২৪ সালের মে মাসে নেতানিয়াহু, গ্যালান্ট ও হামাসের তিন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন আইসিসি প্রধান কৌঁসুলি করিম খান।
তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ নভেম্বরে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।